Tuesday, October 23, 2018

Tony's 10 million rupees defamation suit against Rakhi.



রাখির বিরুদ্ধে তনুশ্রীর ১০ কোটি রুপির মানহানি মামলা।

ভারতজুড়ে এখন চলছে নিপীড়নবিরোধী ‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন’। বলিউডের বেশ কয়েকজন রথী-মহারথীর নাম হেনস্তাকারীর তালিকায় উঠে এসেছে। আর এ আন্দোলনের সূত্রপাত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে সাবেক বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তর যৌন হেনস্তার অভিযোগ।

বঙ্গতনয়া তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি আইটেম গানের শুটিং চলাকালে নানা পাটেকার তাঁকে হেনস্তা করেছিলেন। এর পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। ১০ বছর পর ভারতে ফিরে একটি জাতীয় টেলিভিশনে হেনস্তা নিয়ে মুখ খোলেন তনুশ্রী। তিনি এ-ও বলেন, ওই সময় যখন তিনি শুটিং সেট থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন, তখন হামলার শিকার হন।

পরে নানা পাটেকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন তনুশ্রী দত্ত। মামলাটির তদন্ত চলছে।

যা হোক, যে আইটেম গানের শুটিং নিয়ে এত বিতর্ক, সেই ‘নাতনি উতারো’ গানটিতে তনুশ্রীর পরিবর্তে তখন যুক্ত হন রাখি সায়ন্ত। এ বিতর্কের শুরুর দিকে রাখি সায়ন্ত নানার পক্ষে মত দিয়েছিলেন। বলেছিলেন, নানার সম্মানহানি করতেই তনুশ্রী ‘মিথ্যা’ অভিযোগ করছেন। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনও করেছিলেন রাখি।

ওই ‘বিশেষ’ সংবাদ সম্মেলনে রাখি বলেন, ১০ বছর ‘কোমায়’ থেকে এখন তনুশ্রী এসেছেন শ্রদ্ধাভাজন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে কলঙ্কিত করতে। তনুশ্রী সম্পর্কে একাধিক ‘আপত্তিকর’ মন্তব্যও করেন রাখি। বলেন, তনুশ্রীর শরীরে কি সোনা-হীরা বসানো যে ছোঁয়া যাবে না? আইটেম গানের নাচে একজন ভারত আর একজন পাকিস্তানে থেকে শুটিং করবে?

রাখি সায়ন্ত বলেন, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির যে গানটিতে তনুশ্রীর পরিবর্তে তিনি নেচেছিলেন, সে গানটি তাঁর পছন্দ হয়নি। তবু নানা পাটেকারের সম্মানে তিনি নেচেছিলেন। শুটিং সেটে যখন রাখি যান, তখন তনুশ্রী মাদকাসক্ত হয়ে বেহুঁশ ছিলেন।

এর কিছুদিন পর, ‘তনুশ্রীর সমর্থকরা ফোনে হুমকি দিচ্ছে’, এমন অভিযোগ করে থানায় অভিযোগপত্রও দাখিল করেন রাখি সায়ন্ত।

যাহোক, নতুন খবর হলো, রাখির অভিযোগের জবাব দিতে তনুশ্রী দত্ত তাঁর বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছেন।

তনুশ্রীর আইনজীবী নিতিন সতপুতি রিপাবলিক টিভিকে বলেছেন, তাঁর মক্কেলের ‘চরিত্র ও ভাবমূর্তি’ ক্ষুণ্ণ করায় রাখি সায়ন্তর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। নিতিন এ-ও বলেন, রাখি যদি অভিযোগ প্রমাণ না করতে পারেন, তবে শাস্তি হিসেবে তিনি দুই বছরের জেল বা জরিমানা বা উভয় দণ্ড পেতে পারেন।

এদিকে, যৌন হেনস্তার অভিযোগের ওঠার পর ‘হাউসফুল-৪’ ছবি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন নানা পাটেকার। চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীদের সংগঠন ‘সিনটা’ তাঁকে অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা দিতে বলে। সিনটাকে নানা উত্তর বলেছেন, তনুশ্রীর অভিযোগ ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘বিদ্বেষপ্রসূত’।

তনুশ্রী দত্ত মুখ খোলার পর বিনোদন জগতের বেশ কয়েকজন নারী তাঁদের #মিটু গল্প বলেছেন। তাঁরা সাজিদ খান, অলোকনাথ, রজত কাপুর, কৈলাস খেরসহ বেশ কয়েকজনের নামও উচ্চারণ করেছেন। মনে হচ্ছে, মিটু আন্দোলন আরো সম্প্রসারিত হবে এবং আরো অনেকের নাম যুক্ত হবে। তবে অনেক তারকাই বলেছেন, মিটু আন্দোলনের যেন অপব্যবহার না হয়, কেউ যেন ‘মিথ্যা’ অভিযোগ না তোলে। সূত্র : পিংকভিলা।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home